নাটোরের গুরুদাসপুর পৌর সদরের খামারনাচকৈড় মহল্লার প্রয়াত প্রবীণ সাংবাদিক আত্হার হোসেন ও মোছা. খুশি বেগমের ছোট ছেলে আশিক বিল্লাহ শিমুল (২৮) বিরল কোলন ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা অনিশ্চিত হয়ে পড়েছে।
গত ৬ অক্টোবর প্রায় দেড়লাখ টাকা খরচ করে রাজশাহীতে শিমুলের (মলদারের টিউমার/কোলন ক্যান্সার) অপারেশন করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর থেকে ২১ দিন পরপর শিমুলকে ৭-৮টি কেমোথেরাপি দিতে হবে। কেমো প্রতি ২৫ হাজার টাকা হিসেবে ২ লাখ টাকা দরকার।
বাঁচার আকুতি করে শিমুল জানান, টাকার কাছে হার মেনে যাচ্ছি। যা সম্বল ছিলো এই মরণ ব্যাধি অসুখে সব শেষ। তবুও আশায় আছি, আল্লাহ সহায় হোন।
এদিকে কেমোথেরাপি শেষ হলে শিমুলের দ্বিতীয় অপারেশন হবে। ঋণ করে তার পরিবার ও শ্বশুরবাড়ির লোকজন প্রথম অপারেশনের টাকা জোগার করেন। শিমুলের সংসারে স্ত্রীসহ ১ বছরের শিশুকন্যা ফিহা ও ১০ বছরের সিজা রয়েছে। স্থানীয় চাঁচকৈড় বাজারের একটি কসমেটিকের দোকানে ৮ হাজার টাকা বেতনের কর্মচারী ছিলো শিমুল। ক্যান্সার শনাক্তের পর সেই কর্ম আর নেই। তার নিজস্ব কোনো জায়গা জমিও নেই।
সহায়সম্বলহীন শিমুলের চিকিৎসা খরচ বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছেনা। সুস্থ হওয়ার আশা থাকলেও টাকার অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তার ক্যান্সার চিকিৎসা। শিমুলের সোনালী ব্যাংক একাউন্ট নং- ৪৯০৬৪০১০২৬০০৯, বিকাশ নং- ০১৭৭৬৫৯৫৯৩৪।