[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২ সেলফি পরিবহন চলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা সেলফি পরিবহনের রোড পারমিট বাতিলের দাবিতে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মানিকগঞ্জের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মোহাম্মদ সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরঙ্গাইল হাটের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত ইজিবাইক। বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকের চালকও গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীরা সেলফি পরিবহনের রোড পারমিট বাতিলের দাবি জানান।
স্থানীয় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাসের কারণে বারবার দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে। এ বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি। এর আগে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। তারপরও পরিবহনটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে জেলা প্রশাসক ভিডিও বার্তায় আপাতত সেলফি পরিবহনের চলাচল বন্ধ রাখার আশ্বাস দেন। পরে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, সেলফি পরিবহনের বাসের কারণে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এ কারণে পরিবহনটির বিরুদ্ধে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। আজকের দুর্ঘটনাকে কেন্দ্র করে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।
ওসি আরও বলেন, “আমরা উত্তেজিত জনতার সঙ্গে কথা বলেছি। পুলিশ সুপার ও জেলা প্রশাসকও তাঁদের সঙ্গে কথা বলেছেন। সেলফি পরিবহনের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে এবং আপাতত পরিবহনটির চলাচল বন্ধ থাকবে বলে আশ্বস্ত করা হয়েছে। জনগণ আশ্বস্ত হয়ে অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী সময়ে আলোচনা করে সেলফি পরিবহনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” এ বিষয়ে মানিকগঞ্জের  জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ” সাময়িক ভাবে সেলফি পরিবহনের চলাচল বন্ধের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, পরবর্তীতে আলাপ  আলোচনার ভিত্তিতে  এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।