[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

পাবনায় বিদ্যালয়-কলেজ মাঠে সার্কাস-মেলার প্রস্তুতি, অনুমোদন নেই

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বাণিজ্য মেলা আয়োজন নিয়ে বিধিনিষেধ থাকলেও তা উপেক্ষা করে পাবনার দুবলিয়া উচ্চ বিদ্যালয় ও হাজি জসিম উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে সার্কাস ও বাণিজ্য মেলার প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে। জেলা প্রশাসনের লিখিত অনুমোদন ছাড়াই মাঠে নির্মাণ করা হচ্ছে সার্কাসের প্যান্ডেল। একই সঙ্গে মেলার নামে দোকান বরাদ্দ দিয়ে অর্থ লেনদেনের প্রস্তুতি চলছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
‎
‎পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে এমন আয়োজন ঘিরে শিক্ষার পরিবেশ, মাঠের ব্যবস্থাপনা এবং মেলার নামে অর্থ সংগ্রহের প্রশ্ন উঠেছে। দীর্ঘদিন ধরে মেলার আয়োজন করা হলেও বিদ্যালয়ের উন্নয়নের জন্য সংগৃহীত অর্থের সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না।
‎
‎স্থানীয় সূত্রে জানা গেছে, দুবলিয়া স্কুল ও কলেজ মাঠে লেখাপড়ার পরিবেশ নষ্ট করে প্রতি বছরই মেলা আয়োজনের চেষ্টা করা হয়। মেলা আয়োজনের জন্য শিক্ষার্থীরা ঠিকমতো স্কুলে আসতে পারে না। মাসব্যাপী মেলা হওয়াতে পরিবেশ নষ্ট হওয়ায় দুর্ঘন্ধে অনেক শিক্ষার্থী স্কুল এসে অসুস্থ হয়। এছাড়াও ৫০ বছর ধরে মেলার নামে অর্থ সংগ্রহ করা হচ্ছে। তবে গত ২০ বছরের বেশি সময় ধরে বিদ্যালয়ের উন্নয়নের কথা বলে মেলা কমিটির কাছ থেকে প্রতিবছর চার থেকে পাঁচ লাখ টাকা নেওয়া হলেও সেই অর্থের যথাযথ হিসাব ও ব্যয়ের গুরুতর অভিযোগ রয়েছে। এ অর্থের বেশিরভাগই আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
‎
‎মেলার মাঠে দোকান বরাদ্দ নিয়েও রয়েছে নানা অভিযোগ। স্থানীয়দের দাবি, যথাযথ অনুমোদন ছাড়াই বিভিন্ন ভূয়া কাগজপত্র দেখিয়ে মাঠের বিভিন্ন স্থানে দোকান বসানোর জায়গা বরাদ্দ দেওয়া হচ্ছে। কোনো কোনো জায়গা ১২ থেকে ২৫ হাজার টাকায় বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এসব অর্থ কারা সংগ্রহ করছেন, কোথায় জমা রাখা হচ্ছে এবং বিদ্যালয়ের উন্নয়নে কত টাকা ব্যয় করা হচ্ছে তথ্য পাওয়া যাচ্ছে না।
‎
‎এদিকে, মেলায় দোকান বসানোর আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীদের ডেকে আনার অভিযোগও উঠেছে। মেলার নামে দোকানিদের বিভিন্ন আশ্বাস দেওয়া হলেও পরে তাদের দোকান বসানোর অনুমতি বা জায়গা না দেওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। ফলে দূরদূরান্ত থেকে আসা ব্যবসায়ীদের লোকসান গুনে ফিরে যেতে হয়।
‎
‎এছাড়াও কলেজ মাঠে সার্কাস বসানো হয়েছে। সার্কাসের নামে চিত্রজগতের নায়ক- নায়িকাদের দিয়ে অশ্লিল নৃত্য পরিবেশন করানোর পায়তারা করছে। পুরো কলেজ মাঠে সার্কাসের প্যান্ডেল বসানো হয়েছে। এর পাশেই পোষ্ট অফিস ও কমিউনিটি হাসপাতাল রয়েছে। একদিকে শিক্ষার্থী অন্যদিকে সরকারি সেবা নিতে আসা জনগণের ব্যাপক ভোগান্তির শিকার হতে হবে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। সার্কাসের নামে গ্রামগঞ্জে হাতি নামিয়েও চাঁদাবাজি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
‎
‎মেলার পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ, অতীতে মেলায় জুয়া খেলা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। মেলার আড়ালে জুয়া ও অশ্লীল নৃত্যের আসর বসার অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। মেলাকে কেন্দ্র করে ব্যাপক আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলেও স্থানীয়দের দাবি।
‎
‎নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, বিদ্যালয় ও কলেজের শিক্ষার পরিবেশ এমনিতেই নানা সমস্যার মধ্যে রয়েছে। এর মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে মেলার আয়োজন করা হলে শিক্ষার্থীদের পড়াশোনা ও পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়তে পারে।
‎
‎তারা আরও বলেন, মেলার নামে জুয়া খেলার আসর বসলে অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কেউ কেউ ধারদেনা করে কিংবা স্ত্রীর গয়না বিক্রি করে জুয়া খেলতে আসেন। এতে অনেক পরিবার অর্থনৈতিক সংকটে পড়ে।
‎
‎সম্প্রতি পাবনা সদর উপজেলার চর বলরামপুর এলাকায় মেলার নামে জুয়া ও অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগে জেলা প্রশাসন মেলাটি বন্ধ করে দেয়। সেই ঘটনার পর দুবলিয়া বিদ্যালয় ও কলেজ মাঠে সার্কাস ও বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
‎
‎এ বিষয়ে দুবলিয়া মেলা কমিটির কারও বক্তব্য পাওয়া যায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলেও ফোন রিসিভ করেননি।
‎
‎পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মেলার বিষয়ে কোনো লিখিত অনুমোদন দেওয়া হয়নি। যদি কেউ এ ধরনের কাজ করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।