পাবনার ঈশ্বরদীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি এবং মাদকসহ ২৩ জনকে আটক করেছে জেলা ও ঈশ্বরদী থানা পুলিশের সদস্যরা। এ সময় দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেটভুক্ত আসামি ও মাদকদ্রব্য সেবনের অভিযোগে আটক ব্যক্তিরা রয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) ভোররাতে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের ডিক্রির চরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পরে দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য জানান পাবনার পুলিশ সুপার আবু আশরাফ। পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং পাবনার পুলিশ সুপারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) প্রণব কুমার এর নেতৃত্বে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর উপস্থিতিতে শতাধিক পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। অভিযানকালে পরোয়ানাভুক্ত ৪জন, নিয়মিত মামলার ১জন এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে ১৮ জনসহ মোট ২৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় দুটি ওয়ান শুটারগান ও চারটি দেশীয় অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়। পরে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে উদ্ধার করা অস্ত্রগুলো ঈশ্বরদী থানায় নথিভুক্ত করা হয়। পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে, মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৮ জনকে ঈশ্বরদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনারের (ভূমি) আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, রাজশাহী জেলা, নাটোর জেলা, পাবনা জেলা এবং খুলনা রেঞ্জের মেহেরপুর জেলা ও কুষ্টিয়া জেলা—এই পাঁচটি জেলা একযোগে নিজ নিজ জেলার অভ্যন্তরে সীমানা এলাকা ও চর এলাকার নদী সংলগ্ন চরগুলোতে এই অভিযান পরিচালিত হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
ঈশ্বরদীতে বিশেষ অভিযানে অস্ত্র-গুলি ও মাদক উদ্ধারসহ আটক-২৩
প্রকাশিত হয়েছে- শনিবার, ১০ অক্টোবর, ২০২৬