[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ফৈলজানায় স্কুল থেকে ১৭ ল্যাপটপ চুরির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ চুরির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অপরাধীদের দ্রুত গ্রেফতার, চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ নূরুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এখলাস উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সুমনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ন্যাক্কারজনক চুরি কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ল্যাপটপগুলো উদ্ধারের আলটিমেটাম দেন এবং অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
এলাকাবাসীর মধ্যে তীব্র বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে এ কারণে যে, বিদ্যালয় ভবনের ঠিক সামনেই শরৎগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র (ফাঁড়ি) অবস্থিত। এত কঠোর নিরাপত্তার বেষ্টনীর মধ্যে এমন দুঃসাহসিক চুরি কীভাবে ঘটল, তা কারও বোধগম্য নয়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলিউর রহমান মুঠোফোনে জানান, পুলিশ প্রযুক্তিগত সহায়তায় চোরচক্রকে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আইসিটি শিক্ষক ল্যাব খুলে দেখতে পান সেখানে কোনো ল্যাপটপ নেই। চোরেরা জানালার গ্রিল কেটে ল্যাবের ভেতরে প্রবেশ করে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টার চুরি করে নিয়ে যায়।
মানববন্ধন থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়, অনতিবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে ল্যাপটপগুলো ফেরত না দিলে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।