[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অস্তিত্ব সংকটে নান্দাইল রোড রেলস্টেশন ২৪ ঘণ্টায় মাত্র একটি ট্রেন, তাও অনিয়মিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ময়মনসিংহ-ভৈরব রেলপথের ময়মনসিংহের নান্দাইল উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নান্দাইল রোড রেলওয়ে স্টেশনটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে। জনবল সংকট, অবহেলা ও ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় এক সময়ের ব্যস্ততম এ স্টেশনটি এখন অনেকটাই জৌলুস হারিয়েছে। বর্তমানে ২৪ ঘণ্টায় মাত্র একটি লোকাল ট্রেন এ স্টেশনে যাত্রাবিরতি দেয়। তাও মাসের অর্ধেকের বেশি সময় ট্রেনটি বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়ছেন যাত্রীরা।

স্থানীয়দের ভাষ্য, ট্রেনকে বলা হয় গরিবের গাড়ি। স্বল্প খরচে নিরাপদে যাতায়াতের পাশাপাশি ব্যবসায়ীদের মালামাল পরিবহনের ক্ষেত্রেও রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু পর্যাপ্ত ট্রেন না থাকায় নান্দাইল, তাড়াইল ও কেন্দুয়া উপজেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে ডিম, কাঁচামালসহ বিভিন্ন পণ্য দূরপাল্লায় পরিবহনে সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরা।

সরেজমিনে দেখা যায়, ব্রিটিশ আমলে নির্মিত নান্দাইল রোড রেলওয়ে স্টেশনটি দীর্ঘদিনেও তেমন আধুনিকায়নের মুখ দেখেনি। স্টেশনে রয়েছে শেডবিহীন একটি পাকা প্ল্যাটফর্ম ও একটি সিগন্যাল। যাত্রীদের জন্য নেই পর্যাপ্ত বিশ্রামাগার ও সুপেয় পানির ব্যবস্থা। পুরোনো ও জরাজীর্ণ অবকাঠামোর মধ্যেই চলছে স্টেশনের কার্যক্রম।

একসময় নান্দাইল, তাড়াইল ও কেন্দুয়া উপজেলার হাজার হাজার মানুষ অল্প খরচে ও নিরাপদে যাতায়াতের জন্য এ রেলপথ ব্যবহার করতেন। প্রতিদিন দিনে ও রাতে আপ-ডাউনে প্রায় ১০টি ট্রেন চলাচল করত। নান্দাইল রোড ও মুশুল্লী স্টেশনে অধিকাংশ ট্রেনই যাত্রাবিরতি দিত। যাত্রীদের পদচারণায় মুখর থাকত স্টেশন দুটি।

বর্তমানে চট্টগ্রাম মেইল ট্রেনের ৩৭-আপ রাতের দিকে এবং একই ট্রেনের ৩৮-ডাউন সকাল সাড়ে ৯টা থেকে ১০টার দিকে নান্দাইল রোড স্টেশনে যাত্রাবিরতি দেয় বলে স্থানীয়রা জানান। আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে। ফলে ধীরে ধীরে স্টেশনটি তার পুরোনো গুরুত্ব হারাচ্ছে।

ট্রেনযাত্রী আব্দুল মোমেন ও জয়নাল মিয়াসহ স্থানীয় যাত্রীরা বলেন, ট্রেন হচ্ছে গরিবের গাড়ি। অল্প খরচে যাতায়াতের জন্য সাধারণ মানুষের কাছে রেলপথই সবচেয়ে বড় ভরসা। কিন্তু এখন একটি ট্রেনের জন্য সারাদিন অপেক্ষা করতে হয়।
ময়মনসিংহ-ভৈরব রেলপথে ট্রেনের সংখ্যা বাড়ানো এবং নান্দাইল রোড স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া বলেন, নান্দাইল রোড স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ আরও কয়েকটি লোকাল ট্রেন চালু করা হলে সাধারণ মানুষ রেলযাতায়াতের সুফল পাবেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার।
নান্দাইল রোড রেলওয়ে স্টেশনের অতিরিক্ত দায়িত্বে থাকা স্টেশন মাস্টার বলেন, যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে ট্রেনের সংখ্যা বাড়ানো এবং রেলযোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিকায়ন করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।