পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টার চুরি হয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে বলে স্কুলের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন জানিয়েছেন। স্কুল মাঠ সংলগ্ন শরৎগঞ্জ পুলিশ ফাঁড়ি অবস্থিত এবং স্কুলে নৈশপ্রহরীও রয়েছে।
প্রধান শিক্ষক জানান, বৃহস্পতিবার স্কুল ছুটির পর সবাই চলে যান। রবিবার সকাল ১১টার দিকে আইসিটি শিক্ষক ল্যাব খুলে দেখেন কোনো ল্যাপটপ নেই। জানালার গ্রিল কেটে চোররা সবগুলো ল্যাপটপ নিয়ে গেছে। স্কুল ছুটিকালীন সময়েই এই চুরি সংঘটিত হয়। স্কুলে শরিফুল ইসলাম নামে একজন খণ্ডকালীন নৈশপ্রহরী রয়েছেন, যার দায়িত্বে থাকার কথা ছিল।
উপজেলা আইসিটি অফিসার আব্দুল্লাহ আল নোমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জানালার গ্রিল কেটে ল্যাপটপগুলো চুরি করা হয়েছে। সিসি ক্যামেরা থাকলেও চোররা সেটি উপরের দিকে তুলে দিয়ে চুরি করেছে। চেয়ারের ওপর চোরের পায়ের ছাপ পাওয়া গেছে।
উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
চাটমোহর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।