যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় যশোরের কাশিপুর বিওপির সন্নিকটে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বীরশ্রেষ্ঠের সমাধিতে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ, সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খান, বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের অবদান ও আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ এবং চিরস্মরণীয় করে রাখার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।