২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ১৩০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (১৭ আগস্ট) উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন, উপজেলা সাবেক চেয়ারম্যান মাওঃ জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা,উপসহকারী কৃষি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানের অগ্রাধিকারভিত্তিতে ১০ জন কৃষকের হাতে মেশিন এবং ২৮ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
তারা হলেন- মুজাতুল্লাহ, রবিউল ইসলাম, নাসির উদ্দিন, আয়েন উদ্দিন, রফিকুল ইসলাম, আনিস, আব্দুল মালেক, মোমিন উদ্দিন, আব্দুল মালেক।
জানা গেছে এই ২৮ হাজার টাকার মধ্যে ৭ হাজার টাকা খরচ করে মেশিনের জন্য ঘর তৈরি এবং বাকি ২১ হাজার টাকা মেশিন
সরবরাহকারী প্রতিষ্ঠানকে প্রদান করতে হবে। পরবর্তীতে আরও ১২০ জনের মাঝে এই মেশিন বিররণ করা হবে।
শুরুতেই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না এই মেশিনের উপকারিতা, ব্যবহার বিধি সম্বন্ধে বিস্তারিত তুলে ধরে বলেন,
আমাদের দেশে পেঁয়াজ একটি প্রধান ফসল। কিন্তু সংরক্ষণের অভাবে প্রতিবছর প্রচুর পেঁয়াজ পচে নষ্ট হয় এবং কৃষকরা পানির দরে ফসল বিক্রি করতে বাধ্য হন।
এই ক্ষতি রোধ করতে সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে বা ভর্তুকি মূল্যে এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হচ্ছে।
এই মেশিনের মাধ্যমে পেঁয়াজের স্তূপে কৃত্রিমভাবে বাতাস সরবরাহ করা হয়, যা আর্দ্রতা দূর করে এবং পেঁয়াজ দীর্ঘদিন শুকনা ও সতেজ রাখে। পচন থেকে পেঁয়াজ রক্ষা পাবে।
পেঁয়াজ পচন রোধ ও দীর্ঘমেয়াদি সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে এয়ার-ফ্লো মেশিন বিতরণ করা হয়। এই মেশিন ব্যবহারের ফলে কৃষকরা সহজে ঘরে পেঁয়াজ জমিয়ে রেখে সঠিক সময়ে ন্যায্যমূল্যে বাজারে বিক্রি করতে পারেন।
শুধু মেশিন পেলেই হবে না, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী ঘর নির্মাণ ও মেশিনের সঠিক ব্যবহারবিধি মেনে চলতে হবে।