ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কৃষকদের সুবিধার্থে এবং কৃত্রিম সার সংকট নিরসনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে রুহিয়া অস্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। রুহিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় কৃষি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সার ডিলারদের সমন্বয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত মতবিনিময় সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সঙ্গী সরকার শান্তা, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন। এছাড়া এলাকার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং বিসিআইসি ও বিএডিসি’র অনুমোদিত ডিলারবৃন্দ সভায় অংশ নেন। সভায় সভাপতির বক্তব্যে ইউএনও আলাউদ্দিন বলেন, “বর্তমান মৌসুমে কোনো অবস্থাতেই কৃত্রিম সার সংকট তৈরি হতে দেওয়া হবে না। প্রকৃত ও উপযুক্ত কৃষক যাতে ন্যায্য মূল্যে সঠিক সময়ে সার পান, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, কেউ যদি অসৎ উদ্দেশ্যে সারের অবৈধ মজুদ গড়ে তোলে বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]
কৃত্রিম সার সংকট রুখতে রুহিয়ায় ইউএনও’র বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৬ আগস্ট, ২০২৬