পাবনার চাটমোহরে দিনের ব্যস্ত সময়ে একটি বাড়িতে ঢুকে গৃহবধূকে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। তবে সড়কের পাশে এমন ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামে অ্যাডভোকেট মঞ্জুর বাড়িতে এ ঘটনা ঘটে। সে সময় তিনি আদালতের কাজে বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন তার স্ত্রী তাসনিমা।
তাসনিমার অভিযোগ, সকাল ১১টার পর এক নারী একটি ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে পানি চান। পরে তিনি ঘরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর আরও তিনজন পুরুষ সেখানে ঢোকেন। চারজন মিলে তাঁকে হাত-পা বেঁধে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। এরপর ঘরের ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তারা। অভিযুক্তদের কারও মুখ ঢাকা ছিল না। তবে তাসনিমা কাউকেই চিনতে পারেননি।
অ্যাডভোকেট মঞ্জু জানান, খবর পেয়ে তিনি পাবনা থেকে বাড়িতে ফিরে এসে দেখেন নগদ টাকা ও স্বর্ণালংকার চলে গেছে।
বাড়িটি চাটমোহর-পাবনা সড়কের তেনাপীর তলা মার্কেটের কাছেই অবস্থিত। দিনের ব্যস্ত সময়ে সড়কের পাশে এমন ঘটনা ঘটলেও কেউ টের পাননি বলে এলাকাবাসী ঘটনাটিকে রহস্যজনক মনে করছেন।
খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি অলিউর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের তদন্তের পর অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।