ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ ও চশমা প্রদান করা হয়।
মঙ্গলবার ১১ আগস্ট সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রুহিয়া প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে গ্রামীণ চক্ষু হাসপাতাল ঠাকুরগাঁও। সহযোগিতায় ছিল ব্র্যাক ব্যাংক এবং সার্বিক সহযোগিতায় ছিল রুহিয়া প্রগতি সংঘ ক্লাব।
চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা ও পরামর্শের পাশাপাশি ছানি রোগী বাছাই করেন। আয়োজকরা জানান, বাছাইকৃত ছানি রোগীদের বিদেশি লেন্সসহ বিনামূল্যে অপারেশন, ওষুধ, কালো চশমা এবং যাতায়াত-থাকা-খাবারের ব্যবস্থা করা হবে।