পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার বলেছেন, ৩৬ জুলাই মানুষের অন্তর থেকে মুছে ফেলা যাবে না। জুলাইকে বুকে ধারণ করে আমাদের বাঁচতে হবে এবং জুলাইয়ের চেতনা নিয়ে এই বাংলার মাটিতে ঘুমাতে চাই।
শুক্রবার (৩১ জুলাই) রাত আটটার দিকে পাবনার চাটমোহরে বাংলাদেশ ছাত্রশিবির চাটমোহর উপজেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী রক্তাক্ত জুলাই উপলক্ষে উদ্বোধনী দিনের জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি চাটমোহর পৌর সদরের ঐতিহাসিক বালুচর মাঠে অনুষ্ঠিত হয়।
এমপি আছগার বলেন, জুলাই না হলে আমি এমপি হতে পারতাম না। কেউ প্রধানমন্ত্রী, মন্ত্রী, স্পিকার বা ডেপুটি স্পিকার হতে পারত না। জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছে জুলাইকে বুকে ধারণ করে আগামীতে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য। তাঁরা আমাদের স্বপ্ন দেখিয়েছে। যারা বেঁচে থাকলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি বা সচিব হতে পারত।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন শুধু জামায়াত-শিবিরের নয়, বিএনপিরও নয়। এটি ছাত্র-জনতাসহ আপামর জনগণের আন্দোলন, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চেয়েছিল। জনগণই সর্বময় ক্ষমতার মালিক। গণভোটের আইনি ভিত্তি দিতে হবে। আমরা জনগণের বিপক্ষে যেতে পারি না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
আবু সাঈদ ও মুগ্ধসহ যারা চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে নীতির বদল এবং নতুন বাংলাদেশ গড়তে জীবন দিয়েছেন, তাঁদের কথা স্মরণ করে এমপি আছগার বলেন, হাজার হাজার জুলাই যোদ্ধা হাত-পা ও চোখ হারিয়েছেন। জুলাই আমাদের স্বপ্ন দেখিয়েছে। আগামীতে একসঙ্গে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।
মো. ফারহান মুবাশ্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান, মেশকাতুল্লাহ, মো. সাদ্দাম হোসেন, মোহাম্মদ রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম ও ওয়াজ উদ্দিন প্রমুখ।