জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে পাবনার আটঘরিয়ায় মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্তা মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নকিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মো. জহুরুল ইসলাম খান। সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম মাসউদ।
এসময় বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাফেজ মাওলানা মো. আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা নাসির উদ্দীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য দ্রুত ‘জুলাই সনদ’ কার্যকর করতে হবে এবং গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।
তারা বলেন, ন্যায়বিচার, জবাবদিহিতা, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের প্রত্যাশার রাষ্ট্র গড়ে তুলতে হবে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কার, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং জনগণের ভোট ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, শ্রমজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।
জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিলম্ব হলে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সমাবেশ শেষে দেশ, জাতি এবং জনগণের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মিছিল ও সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।