[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়ায় কস্টিক সোডা-তেলে তৈরি হচ্ছিল দুধ, ভ্রাম্যমান আদালতে বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সাদা দুধের আড়ালে চলছিল বিষাক্ত কেমিক্যালের কারবার। ভোজ্য তেল, কস্টিক সোডা, চিনি ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছিল নকল দুধ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের আকস্মিক অভিযানে ফাঁস হয়ে যায় সেই চাঞ্চল্যকর কর্মকাণ্ড। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রায় ২০০ লিটার ভেজাল দুধ এবং দুধ তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক উপকরণ। এ ঘটনায় আশরাফুল আলী (৪২) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের সিংগাড়ি গ্রামে উপজেলা প্রশাসনের পরিচালিত বিশেষ অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলী সিংগাড়ি গ্রামের মো. নুর ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশরাফুল আলীর বাড়িতে গোপনে ভেজাল দুধ তৈরির কাজ চলছিল এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পাওয়ার আগেই বাড়িটি ঘিরে ফেলা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ লিটার প্রস্তুতকৃত ভেজাল দুধ উদ্ধার করা হয়। একই সঙ্গে নকল দুধ তৈরিতে ব্যবহৃত ননবিয়ার কেমিক্যাল, ভোজ্য তেল, চিনি, কস্টিক সোডাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া উপকরণগুলো দেখে উপস্থিত কর্মকর্তারা ধারণা করেন, এসব রাসায়নিক মিশিয়ে সাধারণ মানুষের অজান্তেই বাজারজাতের জন্য ভেজাল দুধ প্রস্তুত করা হচ্ছিল। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আশরাফুল আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পুরো অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকলে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান ‘জিরো টলারেন্স’। ভেজাল খাদ্য তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।