ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে “শিশুদের সাথে জন্মদিন উদযাপন ও উপহার বিতরণ অনুষ্ঠান-২০২৬” আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় নান্দাইল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এডিপি) হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নুসরাত জাহান সাথী ও তোফায়েল আহমেদ রাকিব যৌথভাবে সঞ্চালনায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন নান্দাইল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার সগর জন কস্তা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, কালের কণ্ঠ–এর ময়মনসিংহ প্রতিনিধি রবিউল আলম ফরাজী, নান্দাইল মডেল থানার এসআই পিন্টু, নান্দাইল সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি রমিজ উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব নান্দাইল শাখার সভাপতি হান্নান আল আজাদ এবং শিশু ফোরামের সভাপতি ফারদীন।
বক্তারা বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করা, তাদের আনন্দময় শৈশব গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
নান্দাইল এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় শিশুদের কল্যাণে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি), জীবন-জীবিকা উন্নয়ন এবং স্পন্সরশিপ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ভিশন জার্মানির বিশেষ প্রকল্পের আওতায় শিশুদের নিয়ে জন্মদিন উদযাপন ও উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে শিশুদের মাঝে জন্মদিনের কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন উপহার বিতরণ করা হয়।