ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড বাজারে অবস্থিত জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা অন্যত্র স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও এলাকাবাসী।
বুধবার (২৯ জুলাই) সকালে নান্দাইল রোড বাজারে ব্যাংক শাখার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ব্যাংকের গ্রাহকেরা অংশ নেন।
মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং গাংগাইল ইউনিয়ন বিএনপির নেতা ও ব্যবসায়ী রিপন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আলী আসলাম ভূঁইয়া, বিএনপি নেতা বাহা উদ্দিন আকন্দ, সাবেক ইউপি সদস্য ও প্রবীণ ব্যবসায়ী শামছুদ্দীন, গাংগাইল ইউনিয়ন যুবদল নেতা ইমামুল হক চন্দন, ইউপি সদস্য নূরুল ইসলাম নূরু, বিএনপি নেতা গোলাপ মিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, জনতা ব্যাংকের নান্দাইল রোড বাজার শাখাটি দীর্ঘদিন ধরে এ অঞ্চলের ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবী ও সাধারণ মানুষের নির্ভরযোগ্য ব্যাংকিং সেবাকেন্দ্র হিসেবে ভূমিকা রেখে আসছে। শাখাটি অন্যত্র স্থানান্তর করা হলে হাজারো গ্রাহককে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করে ব্যাংকিং সেবা নিতে হবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়বে।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে শাখা স্থানান্তরের উদ্যোগ বাতিল করে বর্তমান স্থানেই ব্যাংকটি বহাল রাখার দাবি জানান। একই সঙ্গে স্থানীয় জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণারও ইঙ্গিত দেন বক্তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শাখাটি বর্তমান স্থানে বহাল রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং গ্রাহকস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।