দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নিউজ টুয়েন্টি ফোর-এর গৌরবের ১১ বছরে পদার্পণ উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় গঙ্গাচড়া প্রেসক্লাব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির নায়েবুজ্জামান, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী এবং নিউজ টুয়েন্টি ফোর-এর রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক।
গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের গঙ্গাচড়া প্রতিনিধি সাজু মিয়া লালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিউজ টুয়েন্টি ফোর-এর গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি সুজন আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সাংবাদিক সোসাইটির সভাপতি রানু মিয়া এবং সাধারণ সম্পাদক আজমির সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে নিউজ টুয়েন্টি ফোর দেশের গণমাধ্যমে আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে তিস্তা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত রংপুরের গঙ্গাচড়াসহ উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ, কৃষকের ক্ষতি, বসতভিটা হারানো পরিবারের কান্না এবং নদীভাঙন প্রতিরোধের দাবিগুলো গুরুত্বের সঙ্গে জাতীয় পর্যায়ে তুলে ধরেছে চ্যানেলটি। ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখতে নিউজ টুয়েন্টি ফোর ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, আগামী দিনেও সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সাংবাদিকতার মাধ্যমে দেশের প্রান্তিক মানুষের কথা তুলে ধরে নিউজ টুয়েন্টি ফোর গণমানুষের আস্থার ঠিকানা হয়ে থাকবে।আলোচনা সভা শেষে নিউজ টুয়েন্টি ফোর-এর ১১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।