রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ পাবনার আটঘরিয়া উপজেলা ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করেছেন। রোববার (২৬ জুলাই) বিকাল চারটা সময় উপজেলার ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, নাগরিক সেবা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার ভূমি অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিদুল ইসলাম, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে নিমগাছের চারা রোপণ করেন।
আটঘরিয়া উপজেলা ভূমি অফিসে এসে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুল রশীদ সেখানে অপেক্ষমান উপকারভোগী মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে ভূমি অফিসের কার্যক্রম সম্পর্কে জানতে চান।
পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিদুল ইসলাম ও ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপজেলা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবার মান, ভূমির রেকর্ড সংরক্ষণ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে বিভাগীয় কমিশনার আ. ন. ম. বজলুর রশিদ দ্রুততম সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত বিষয়ের সমস্যার সমাধান, সেবার মান উন্নয়ন, দুর্নীতি পরিহার করে স্বচ্ছ প্রক্রিয়ায় জনসাধারণের সকল সেবা নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়ন, কার্যক্রমের গতি বৃদ্ধি এবং জনসাধারণের কাছে সেবা আরও সহজলভ্য করতে ইতিবাচক ভূমিকা রাখবে।