পাবনার চাটমোহর উপজেলায় বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহায়তায় প্রাণীটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
রবিবার (২৬ জুলাই) সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মিলন হোসেনের মাছ ধরার ফাঁদে আটকে পড়ে এই বিরল প্রাণীটি। ইউটিউবে সার্চ করে মিলন জানতে পারেন, এটি গন্ধগোকুল নামের একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী।
বিষয়টি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে জানানো হলে তিনি রবিবার বিকেলে ঘটনাস্থলে যান। বন বিভাগের সহকারী রতন আলী বিশ্বাসের সহায়তায় কুমারগাড়া জঙ্গলে প্রাণীটিকে অবমুক্ত করা হয়।
ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, “বিরল প্রজাতির এই বন্যপ্রাণীটি প্রায় বিলুপ্ত এবং অত্যন্ত নিরীহ। বর্ষা মৌসুমে তাদের আবাসস্থল ডুবে যাওয়ায় তারা অনেক সময় লোকালয়ে চলে আসে। আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ঘন জঙ্গলে ছেড়ে দিয়েছি। এটি অরক্ষিত ও নিশাচর প্রাণী হওয়ায় প্রকৃতির মাঝেই ফিরিয়ে দেওয়া হয়েছে।” তিনি বন্যপ্রাণী রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।