সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের পাশ দিযে ফুলজোড় শাখা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রায় ৫০ বছর পার হলেও এখনো কাটেনি এলাকাবাসীর দুর্ভোগ। দীর্ঘদিন ধরে ব্রিজটির বেহাল অবস্থা, সংযোগ সড়কের ক্ষয়ক্ষতি এবং সংস্কারের অভাবে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজারো মানুষ।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করেন। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। অনেক সময় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
এলাকাবাসী জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বছরের পর বছর ধরে একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো: বাবলা তালুকদার, এবং আব্দুল মান্নান তালুকদার জানান দ্রুত ব্রিজ ও রাস্তাটি সংস্কার অথবা আধুনিক মানের নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।