পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হোসেন বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সেলিম হোসেনের নাম অন্তর্ভুক্ত করতে তাঁর ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়। এতে রাজি না হওয়ায় একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি দাবি করেন, গত ২৪ জুন সকাল সাড়ে ১১টার দিকে আফাজ উদ্দিন নছা ও তাঁর ভাগ্নে সেলিম হোসেন ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তাঁরা তাঁকে ভয়ভীতি প্রদর্শন, অশালীন ভাষায় গালিগালাজ এবং কম্পিউটারে সভাপতি হিসেবে সেলিম হোসেনের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষকরা বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁরা এসব অপপ্রচার বন্ধের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, ঘটনার খবর পেয়ে একদন্ত বাজারের ব্যবসায়ী আব্দুস সালাম, ইউপি সদস্য ইউছুফ আলী এবং গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে উদ্ধার করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।