পাবনার আটঘরিয়ায় সংবাদ সম্মেলন করে নিজের ওপর হামলা, পরবর্তী সময়ে হুমকি এবং পরিবারসহ নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয় যুবশক্তি (এনসিপি) পাবনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মো. মহিদুল ইসলাম রাকিব।
সোমবার (২৯ জুন ২০২৬) আটঘরিয়া পৌর সভার আমীরখাঁর ঢালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি এলাকায় একটি সামাজিক সালিশকে কেন্দ্র করে কিছু ব্যক্তি নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করলে এলাকাবাসী তার বিরোধিতা করে। ওই ঘটনার পর থেকেই তার প্রতি একটি পক্ষের ক্ষোভ ও বিদ্বেষ তৈরি হয় বলে তিনি দাবি করেন।
তিনি অভিযোগ করেন, গত ২৪ জুন ২০২৬ বিকেলে আটঘরিয়া সাব-রেজিস্টার অফিসের সামনে একটি চায়ের দোকানে কয়েকজনের সঙ্গে রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় আজিম চৌধুরীর নেতৃত্বে কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। এতে তিনি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসা শেষে তিনি আটঘরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাকিব আরও অভিযোগ করেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতির সম্মুখীন হচ্ছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, আজিম চৌধুরীর বিরুদ্ধে মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে এবং এ-সংক্রান্ত তথ্য-প্রমাণ তদন্তকারী সংস্থার কাছে উপস্থাপন করতে তারা প্রস্তুত। তিনি এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, সংবাদ সম্মেলনের উদ্দেশ্য কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয়; বরং আইনের শাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস ও অপরাধের বিচার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
এ সময় তিনি পাবনার পুলিশ সুপার, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক-সংক্রান্ত অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনের শেষে তিনি দেশবাসী, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানান এবং তার ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।