নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত রওজাতুস সালেহীন ফাজিল মাদ্রাসার আয়োজনে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় মাদ্রাসা অডিটোরিয়ামে এই আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা বসে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর মাদ্রাসার পক্ষ থেকে আগত প্রধান ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে কাটানো তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করে।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আব্দুস শাকুরের শুভেচ্ছ বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সভাপতি ও মোতওয়াল্লি আলহাজ্ব হোযায়েফ আল মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনুর খান।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আলীনুর খান বলেন, ‘পরীক্ষার আগে অহেতুক বাড়তি চাপ নেবে না। নতুন কিছু পড়ার চেয়ে এতদিন যা রিভিশন দিয়েছ, তা ভালো করে ঝালিয়ে নাও। সময়ের সঠিক ব্যবস্থাপনা পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নের উত্তর নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করবে, যাতে কোনো উত্তর লিখতে গিয়ে সময় স্বল্পতা তৈরি না হয়।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করবে। পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রেখে প্রতিষ্ঠানের সুনাম রক্ষা করবে এবং নিজস্ব বুদ্ধিমত্তা ও জ্ঞান থেকে উত্তর লিখবে। মনে রাখবে, এবারের পরীক্ষা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, তাই খাতায় কাটাকাটি এবং বানান ভুল কমিয়ে পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করবে। তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করি।’
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রওজাতুস সালেহীন ফাজিল মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ।