গোপনে জমি বিক্রি, যাতায়াতের রাস্তা দখল, পেশিশক্তির ভরসায় দখল চেষ্টার অভিযোগ; বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইদের ক্ষোভ, বিতর্কে নজরুল খান।
যশোরের অভয়নগরে পৈত্রিক সম্পত্তি ঘিরে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কৌশলে জমি বিক্রি ও বসতবাড়ি ভেঙে ফেলার মাধ্যমে একাধিক শরিককে উচ্ছেদ করা হয়েছে। এ ঘটনায় নেপথ্যে রয়েছেন কথিত ভূমি দস্যু নজরুল খান, এমনটাই দাবি ভুক্তভোগীদের।
নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের মহাকাল (আলিপুর) গ্রামের মৃত অলিয়ার রহমানের ১৭ শতাংশ জমিকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত। পরিবারের অভিযোগ, বড় ছেলে সাইফুল ইসলাম নানা ছলচাতুরীর আশ্রয় নিয়ে পৈত্রিক সম্পত্তির অংশ বিক্রি করে অর্থ আত্মসাৎ করেছেন।
জানা যায়, সরকারি রাস্তার ডান পাশে থাকা ৬ শতক জমি গোপনে বিক্রি করে দেন সাইফুল। এরপর বাম পাশের ১০ শতক জমির মধ্যে ৫ শতাংশ নিজ দখলে রেখে বাকি অংশ ছোট ভাই শরিফুলকে ভোগদখলের জন্য দিলেও, যাতায়াতের জন্য নির্ধারিত ৫ ফুট ৮ ইঞ্চি রাস্তা পরে গোপনে বিক্রি করে দেন।
অভিযোগ উঠেছে, ওই যাতায়াতের রাস্তার ২ শতাংশ জমি এককভাবে বিক্রি করেন সাইফুল, যা কিনে নেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নজরুল খান। এরপর থেকেই জমি দখলে নিতে পেশিশক্তি ব্যবহার ও ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়োগের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত শরিকরা জানান, তাদের না জানিয়ে প্রতারণার মাধ্যমে জমি বিক্রি করে এখন বসতবাড়ি ভেঙে উচ্ছেদের চেষ্টা চলছে। এতে তারা মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন।
অভয়নগর ট্রাক, ট্রাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন অভিযোগ করেন, নজরুল খান পূর্বে আওয়ামী লীগের দোসর ছিলেন এবং তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। বর্তমানে রাজনৈতিক পরিচয় বদলে তিনি প্রভাব বিস্তার করছেন বলে দাবি করেন তিনি।
স্থানীয়দের প্রশ্ন, একাধিক অভিযোগ ও মামলার পরও কেন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন নজরুল খান? আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। অভিযুক্ত সাইফুল ইসলাম ও নজরুল খান উভয়েই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। নজরুল খান দাবি করেন, বিষয়টি রাজনৈতিকভাবে প্রভাবিত এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অভয়নগরের এই ঘটনাটি শুধু পারিবারিক বিরোধ নয়, বরং প্রতারণা, প্রভাব খাটানো ও আইনশৃঙ্খলার দুর্বলতার এক জটিল চিত্র তুলে ধরেছে। এখন দেখার বিষয়, প্রশাসন এ ঘটনায় কী পদক্ষেপ নেয় এবং ভুক্তভোগীরা আদৌ ন্যায়বিচার পান কিনা।