মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির (সিএমসি) সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল আমিন। সভাটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শামীম জাহিদ তালুকদার।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. মুন্নাফ খান, সমাজসেবা অফিসার মো. মামুনুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ সেলিম হোসেন, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. খালিদ মাহমুদ, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. মিজানুর রহমান, ঘোরজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রমজান আলীসহ থানা প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের সচিবরা।
সভায় কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের সঠিক বিকাশ, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অবক্ষয় রোধে কিশোর-কিশোরী ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব ক্লাবের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু অধিকার, তথ্যপ্রযুক্তি এবং সাংস্কৃতিক চর্চা বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ তৈরি হচ্ছে।
সভায় উপস্থিত সদস্যরা কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান। তারা বলেন, এই ক্লাব পুনরায় চালু হলে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, গতিশীল ও ফলপ্রসূ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।