[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অভয়নগরে ক্ষমতা বদলালেও বদলায়নি আক্তারের ভাগ্য

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬

এস্কেভেটরের আঘাতে পঙ্গু আক্তার, দুই বছরে হারালেন পরিবার ও জীবিকা। দল ক্ষমতায় এলেও সুদিন ফেরেনি, এমনই নির্মম বাস্তবতার মুখোমুখি যশোরের অভয়নগরের এক নিষ্পেষিত বিএনপি কর্মী ও দিনমজুর আক্তার মোড়ল (৩০)। প্রভাবশালীদের চক্রান্তে এস্কেভেটরের আঘাতে পঙ্গু হয়ে আজ তিনি মানবেতর জীবনযাপন করছেন। চিকিৎসার অভাব, পরিবার ভাঙন আর জীবিকার সংকটে দিশেহারা তার জীবন।

জানা গেছে, উপজেলার ভাঙ্গাগেটস্থ সাবিছা কোম্পানির কয়লার ড্যাম্পে দৈনিক মজুর হিসেবে কাজ করতেন আক্তার মোড়ল। অভিযোগ রয়েছে, ২০২৩ সালের ১৪ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে নওয়াপাড়া গ্রামের ইদ্রিস সরদার (৬২) এস্কেভেটর চালককে প্ররোচিত করে আক্তারের ওপর হামলা চালান। ভারী যন্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনি। দীর্ঘদিন চিকিৎসার পর প্রাণে বাঁচলেও চিরতরে পঙ্গু হয়ে যান আক্তার। হারান নিজের দুই পা। অভিযোগ রয়েছে, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো তাকে হয়রানি করেছে। দুই বছরের অসুস্থতা আর দারিদ্র্যের বোঝা সহ্য করতে না পেরে স্ত্রী দুই সন্তানসহ তাকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন। বর্তমানে সন্তানদের লালন-পালনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন আক্তার। হুইলচেয়ারের সাহায্যে ডাব, মৌসুমি ফল ও পাপড় ভাজা বিক্রি করে কোনোমতে সংসার চালাতেন তিনি। কিন্তু বর্তমানে পিঠে গুরুতর ক্ষতের কারণে সেই সামান্য আয়ের পথটিও বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে আক্তারের পিতা নিজাম মোড়ল বলেন, ইদ্রিস সরদার পরিকল্পিতভাবে আমার ছেলের জীবন ধ্বংস করেছে। শুধু তাই নয়, আমাদের পুরো পরিবারটিকেই পথে বসিয়েছে। বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি।

তিনি আরও জানান, নওয়াপাড়া বেঙ্গল সার কারখানায় সর্দার হিসেবে কাজ করতেন তিনি। সেখান থেকেও ইদ্রিস সরদার তাকে সরিয়ে দিয়ে নিজে সেই পদ দখল করেছেন বলে অভিযোগ করেন। তবে অভিযুক্ত ইদ্রিস সরদার এসব অভিযোগ অস্বীকার করেছেন। অভিযোগের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তদন্ত কর্মকর্তা (তৎকালীন) এসআই আফজাল বলেন, আমি ইতোমধ্যে বদলি হয়েছি। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ থাকায় একাধিক কর্মকর্তা বিষয়টি তদন্ত করছেন। তদন্ত চলমান রয়েছে। এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার ও ভুক্তভোগী আক্তার মোড়লের চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।