সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ব্র্যাকের উদ্যোগে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় কিশোরীদের মুরগি পালন বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে ব্র্যাক চৌহালী শাখা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
ব্র্যাক চৌহালী সদর শাখা অফিসার মো. আবু দাউদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি সার্জন ডা. মো. সাহেদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান এবং ব্র্যাকের সহযোগী মোছা. সালমা খাতুন।
কর্মশালায় ৩৭ জন কিশোরী উপকারভোগীকে মুরগি পালন, পরিচর্যা, রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্তকরণ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গ্রামীণ দরিদ্র পরিবারের অর্থনৈতিক উন্নয়নে মুরগি পালন একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস। ব্র্যাকের এ ধরনের উদ্যোগ উপকারভোগীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে। এছাড়া কিশোরীদের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সচেতনতা তৈরিতেও এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।