অভয়নগরে রাতের অন্ধকারে চালকের ওপর হামলা, ২৬ হাজার টাকা ও ব্যাটারি ভ্যান নিয়ে পালাল দুর্বৃত্তরা। যশোরের অভয়নগরে ভাড়া নেওয়ার প্রলোভন দেখিয়ে এক ভ্যানচালককে নির্জন স্থানে নিয়ে গিয়ে মারধর করে তার ব্যাটারিচালিত ভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী বাবু মোল্যা (৩৩) অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ভ্যানচালক। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ এপ্রিল রাত আনুমানিক ৯টার দিকে নওয়াপাড়া নুরবাগ মোড়ে অবস্থান করছিলেন বাবু মোল্যা। এ সময় সেলিম গাজী (৫০) ও ইনছার আলী গাজী (৪৫) নামে দুই ব্যক্তি তার কাছে এসে ভ্যান ভাড়া নেওয়ার কথা বলেন। সরল বিশ্বাসে তিনি তাদের ভাড়া দিতে রাজি হন। পরে অভিযুক্তরা তাকে কৌশলে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা হঠাৎ তার ওপর হামলা চালিয়ে মারধর করে। একপর্যায়ে তার ব্যবহৃত ব্যাটারিচালিত ভ্যান ও সঙ্গে থাকা ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে আহত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় বাবু মোল্যাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে তিনি ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। তবে কোনো সমাধান না হওয়ায় তিনি পরে থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী বাবু মোল্যা বলেন, আমি গরিব মানুষ, ভ্যান চালিয়ে সংসার চালাই। আমার সবকিছু নিয়ে গেছে। আমি ন্যায়বিচার চাই। এবিষয়ে অভয়নগর থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, আমি ঈদের ছুটিতে বাড়ি আছি ছুটি শেষে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জাহিদুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।