পাবনার চাটমোহর উপজেলায় ভেজাল দুধ উৎপাদনের কারখানার বিরুদ্ধে পুলিশকে তথ্য দেওয়ার অভিযোগে স্থানীয়দের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে বিল চলন ইউনিয়নের নটাবাড়িয়া এলাকায় এই হামলায় সাতজন গুরুতর আহত হয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতার মালিকানাধীন কারখানায় দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করা হচ্ছে, যা শিশুসহ সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তারা এই তথ্য পুলিশকে জানানোর পরই হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন।
আহতরা সাইদুল প্রামানিক
হাজু প্রামানিক মহরম প্রামানিক সাইফুল প্রামানিক হাসেম প্রামানিক সাইজুদ্দিন প্রামানিক ইকবাল প্রামানিক সজীব প্রামানিক
আহত সকলকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগীরা জানিয়েছেন, হামলাকারীরা তাদের সন্দেহ করেছে যে তারা কারখানার বিরুদ্ধে পুলিশকে অভিযোগ দিয়েছে। এক ভুক্তভোগী বলেন,
>
“যারা ভেজাল দুধ তৈরি করে শিশুদের বিষ খাওয়াচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা আমাদের মারধর করেছে তাদেরও শাস্তি হোক। আমরা আর এই বিষাক্ত দুধ চাই না।”
স্থানীয়রা জানান, এই ভেজাল দুধ সরাসরি শিশুদের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা এক মুহূর্তে তাদের জীবনের ঝুঁকি তৈরি করতে পারে। তারা দ্রুত কারখানা বন্ধ এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখনও থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। আহতরা অভিযোগ করেছেন, থানা পুলিশ রবিবারের আগে মামলা নিতে চাচ্ছে না।
স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।