[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়ায় দুধে তেল মিশিয়ে ফ্যাট বৃদ্ধির অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ মে, ২০২৬
পাবনার ভাঙ্গুড়ায় দুধে ক্ষতিকর তেল মিশিয়ে কৃত্রিম উপায়ে ফ্যাট (চর্বি) বৃদ্ধির অপরাধে আব্দুর রশিদ (২৩) নামে এক ভেজাল দুধ ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত যুবক ওই গ্রামের লিটন আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে অবৈধ ‘চিলিং সেন্টার’ বসিয়ে ভেজাল দুধ তৈরি করে আসছিলেন। তিনি খাঁটি দুধের ফ্যাট বাড়াতে ‘কোয়ালিটি’ ব্র্যান্ডের সয়াবিন তেল মেশাতেন এবং সেই ভেজাল দুধ দেশের নামী-দামী দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ‘প্রাণ’ ও ‘ব্র্যাক’ (আড়ং ডেইরি)-সহ বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করতেন।
এনএসআই এর তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানকালে ঘটনাস্থল থেকে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত ১০০ লিটার কোয়ালিটি তেল জব্দ করা হয় এবং পরে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় খাদ্যে ভেজালবিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম এবং ভাঙ্গুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।