[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে চুরির অপবাদে কিশোরীকে নির্যাতনের পর আত্মহত্যা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ মে, ২০২৬
পাবনার চাটমোহর উপজেলায় চুরির অপবাদ দিয়ে এক কিশোরীকে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৪ বছরের শ্রাবন্তী খাতুন।
শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তী খাতুন ওই গ্রামের দিনমজুর আলতাব হাসানের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর ধরে প্রতিবেশী হান্নান মল্লার বাড়িতে গৃহকর্মীর কাজ করত শ্রাবন্তী। শুক্রবার সকালে হান্নান মল্লার ঘরের আলমারি থেকে ১২০ টাকা হারিয়ে যায়। এই অজুহাতে হান্নান মল্লা ও তার স্ত্রী রুবিয়া খাতুন শ্রাবন্তীকে সন্দেহ করে প্রচণ্ড মারধর শুরু করেন।
একপর্যায়ে শ্রাবন্তীর দু’হাত রশি দিয়ে বেঁধে বারান্দার খুঁটির সঙ্গে আটকে রেখে লাঠি দিয়ে নির্যাতন চালানো হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ নির্যাতনের সময় এলাকার অনেকে মোবাইলে ভিডিও ধারণ করেন। জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টাও করা হয়।
অপমানে অপমানিত শ্রাবন্তী বাড়ি ফিরে আর সহ্য করতে পারেনি। সবার অগোচরে ঘরের ডাবরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শ্রাবন্তীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হান্নান মল্লাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে তার স্ত্রী রুবিয়া খাতুনকে এখনো আটক করা হয়নি, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, “অপমান সহ্য করতে না পেরে শ্রাবন্তী আত্মহত্যা করেছে। প্রাথমিক তদন্তে হান্নান মল্লাকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে অন্যদেরও আইনের আওতায় আনা হবে।”
শ্রাবন্তীর মামা সিফাত হাসান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “যদি সত্যিই চুরি করে থাকত, তাহলে তার বাবা-মাকে বলতে পারত। কিন্তু সবার সামনে এভাবে নির্যাতন করে অপমান করায় মেয়েটা আর বাঁচতে চায়নি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। শিশু-কিশোরীদের ওপর নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।