চাটমোহর (পাবনা), ৩০ এপ্রিল ২০২৬ পাবনা জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টায় চাটমোহর উপজেলা প্রশাসনের হলরুমে চাটমোহরের সর্বস্তরের মানুষের সাথে খোলামেলা মতবিনিময় সভা করেছেন।
সভায় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার, ধর্মীয় নেতৃবৃন্দ, নৃ-গোষ্ঠী প্রতিনিধি, সংবাদকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা চাটমোহর উপজেলার বিভিন্ন স্থানীয় সমস্যা ও উন্নয়নের সম্ভাবনার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে আগামীর চাটমোহর তথা পাবনা জেলাকে উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, পাবনা জেলার সকল সমস্যা সমাধানে এবং একটি উন্নত, সমৃদ্ধ পাবনা গড়তে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে স্পষ্টভাষায় আহ্বান জানিয়ে বলেন, ঘুষ-দুর্নীতি থেকে সম্পূর্ণ দূরে থেকে সাধারণ মানুষের সেবা করতে হবে। জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়, তাই জনগণই দেশের প্রকৃত মালিক। আমরা শুধু দেশের কর্মচারী।
তিনি আরও বলেন কেউ নিজেকে বড় মাপের কেউ ভাববেন না। আমাদের সকলকে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জনসেবায় নিয়োজিত থাকতে হবে।
জেলা প্রশাসক চাটমোহরবাসীর উদ্দেশ্যে আশ্বাস দিয়ে বলেন চাটমোহরবাসীর জন্য আমার দরজা সবসময় খোলা। যেকোনো সমস্যা বা প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে নতুন জেলা প্রশাসকের প্রতি আস্থা ও প্রত্যাশা প্রকাশ পায়।