[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ফাতেমা (প্রাঃ) হাসপাতালে ভুল অপারেশনে মায়ের মৃত্যু: চলনবিলের আলো-এ সংবাদ প্রকাশের পর ৭ দিনের আল্টিমেটামে ৯ দপ্তরে লিগ্যাল নোটিশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

‎সাথী খাতুনের মৃত্যুকে কেন্দ্র করে ৭ দিনের আল্টিমেটাম; স্বাস্থ্য অধিদপ্তরসহ ৯ দপ্তরে নোটিশ, তদন্ত ও জবাবদিহিতার দাবি জোরালো।

‎‎যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় ফাতেমা (প্রাঃ) হাসপাতালে কথিত ভুল অপারেশন ও চিকিৎসা অবহেলায় নবজাতকের মা সাথী খাতুনের মৃত্যুর ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। চলনবিলের আলো-এ প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদন দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করার পর এবার সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‎‎ঢাকার জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ রায়হান গাজী (নয়ন) এলাকাবাসীর পক্ষে ৬ এপ্রিল একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। নোটিশটি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, যশোরের সিভিল সার্জন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষসহ মোট ৯টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

‎‎নোটিশে উল্লেখ করা হয়, গত ২৯ মার্চ বিভিন্ন গণমাধ্যমে, বিশেষ করে দৈনিক চেতনায় বাংলাদেশ–এ প্রকাশিত প্রতিবেদনে উঠে আসা তথ্যের ভিত্তিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সেখানে বলা হয়, গত ৫ মার্চ সাথী খাতুনকে সিজারিয়ান অপারেশনের জন্য ফাতেমা হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হলেও পরবর্তীতে শুরু হয় জটিলতা।

‎‎অভিযোগ অনুযায়ী, অপারেশনের পরপরই সাথীর পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে অক্সিজেন দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হলেও প্রকৃত সমস্যাটি আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। সাত দিন পর সেলাই কেটে তাকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু বাড়ি ফেরার মাত্র দুই দিনের মাথায় আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

‎‎পরিস্থিতির অবনতি হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, জরায়ুর ভেতরে তরল পদার্থ জমে আছে এবং জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। ১৮ মার্চ পুনরায় অস্ত্রোপচার করে দেখা যায়, ভুলভাবে সেলাই দেওয়ার কারণে জরায়ুর ভেতরে পচন ধরে পুঁজ জমেছে। সংশোধনমূলক অপারেশন করা হলেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে ওঠেননি সাথী। টানা ৯ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মারা যান।

‎‎পরিবারের দাবি, ডেথ সার্টিফিকেটেও পূর্ববর্তী অপারেশনের জটিলতাকেই মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা পুরো ঘটনাকে আরও গুরুতর করে তুলেছে।

‎‎আইনি নোটিশে বলা হয়েছে, এটি একটি সুস্পষ্ট চিকিৎসা অবহেলার ঘটনা। এ ধরনের অবহেলার কারণে অতীতেও একাধিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে বলে উল্লেখ করা হয়। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা না নিলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

‎‎এদিকে, চলনবিলের আলো- এ প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনটি স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অনভিজ্ঞ চিকিৎসক দিয়ে অপারেশন, ভুল চিকিৎসা ও রোগী মৃত্যুর মতো ঘটনা ঘটলেও প্রভাবশালী মহলের কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

‎‎স্থানীয়দের ভাষায়, একটি প্রতিবেদন না হলে বিষয়টি হয়তো চাপা পড়ে যেত। এখন আমরা সঠিক বিচার চাই, আর কোনো মায়ের মৃত্যু যেন এভাবে না হয়।

‎‎অভিযুক্ত চিকিৎসক ডা. মোঃ মনজুরুল মোরশেদ অভিযোগ অস্বীকার করে বলেন, তার হাসপাতালে রোগী সুস্থ অবস্থায় ছাড়পত্র নিয়ে গেছেন। পরবর্তীতে অন্য কোথাও চিকিৎসা নেওয়ার কারণে মৃত্যুর কারণ সম্পর্কে তিনি অবগত নন।

‎‎অন্যদিকে, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎‎একটি মৃত্যুর ঘটনা ঘিরে এখন বড় প্রশ্ন উঠে এসেছে,বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে জবাবদিহিতা কোথায়? দৈনিক চেতনায় বাংলাদেশ–এর অনুসন্ধান সামনে আসার পর জনমনে প্রত্যাশা তৈরি হয়েছে, এবার হয়তো সত্য উদঘাটন হবে এবং দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। এখন সবার নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।