নওগাঁর রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম মো. হৃদয় (১২)। তিনি উপজেলার আমিরপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।
শনিবার (২১ মার্চ) রাত আনুমানিক পৌঁনে ৯টায় উপজেলার ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৫ জন গুরুত্বর আহত হয়েছে। তৎক্ষাণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাদের সবার বাড়ি উপজেলার আমিরপুর গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের দিন উপজেলার আমিরপুর গ্রামের বিভিন্ন বয়সি যুবক ও কিশোর বন্ধুরা মিলে ভটভটি যোগে ঈদ আনন্দ করতে ঘুরতে বের হয়েছিল। ভটভটিতে প্রায় ১৮ জন ছিলেন। ঘোরাফেরা শেষে রাত পৌঁনে ৯টার দিকে বাড়ি ফেরার পথে ভাটকৈ-দেউলা রাস্তার ভাটকৈ খগেনের পুকুরপাড়ে পৌঁছালে ভটভটি উল্টে পুকুরে পড়ে যায়। এতে গুরুত্বর আহত হন ভটভটিতে থাকা অন্তত ৬ জন। তাদের মধ্যে মো. হৃদয় নামে কিশোরকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহতদের চিকিৎসার জন্য রাণীনগর ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবলু পাল বলেন, ভটভটি উল্টে পুকুরে পড়ে এক কিশোর মারা যাওয়ার কথা শুনেছি। আর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।