কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক,জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেছেন, বিএনপি সকল সম্প্রদায়ের নিরাপদ আশ্রয়স্থল।একসময় সংস্কৃতি এবং বিনোদনের জন্য রামগড়ের পরিচয় ছিলো দেশব্যাপী। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার রামগড়ের বিএনপির আমলে করা সকল উন্নয়ন কর্মকান্ড,বিনোদন কেন্দ্র গুলো নিজের হাতে ধ্বংস করেছে।
সোমবার (১১নভেম্বর)রাতে খাগড়াছড়ির রামগড় বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সম্প্রীতি সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মু.ইলিয়াসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম.এন.আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু,জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া,খাগড়াছড়ি মহিলাদলের সভাপতি কুহেলী দেওয়ান,জেলা কৃষকদল সভাপতি পারদর্শী বড়ুয়া,জেলা যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম সবুজ, রামগড় উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলীল,সাধারন সম্পাদক শাফায়াত মোর্শেদ ভূঁইয়া,সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্ল্যাহ,রামগড় পৌর বিএনপির সভাপতি জসীম উদ্দীন,সাধারন সম্পাদক মহিউদ্দিন হারুন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস।
সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে আমরা বিএনপির বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলাম বলে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি এবং মিথ্যা মামলা দিয়ে কন্ঠরোধ করা হয়েছে।তারা আরো বলেন, হাসিনা সরকারের পতন হলেও তার দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। সেসব স্বৈরাচার সরকারের দোসরদের সুযোগ দেওয়া যাবে না। আমাদের দেশ এখন বৈষম্য মুক্ত। তাই সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এবং বিএনপিকে সামনে নির্বাচনে জয় যুক্ত করে বৈষম্যমুক্ত পরিবেশে কাজ করার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় প্রধান অতিথি ওয়াদুদ ভুইয়া বলেন, আমরা বিগত স্বৈরাচারী সরকার হতে বিভিন্ন ভাবে হয়রানি, মামলা -হামলার স্বীকার হয়েছি। কিন্তু গত ৫ তারিখের বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পরে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে।তিনি আরো বলেন,অপরাধ ট্রাইবুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামী নেতাদের ফাঁসি দেয় হাসিনা সরকার।সৃষ্টিকর্তার কি নির্মম পরিহাস সে অপরাধ ট্রাইবুনালে ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচার হচ্ছে।এসময় তিনি বিগত সরকারের গুম,খুন নিয়ে বক্তব্য দেন।
উপজেলা বিএনপির আয়োজিত এই সম্প্রীতির সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী,বিএনপি নেতা আমিনুল হক খান সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর বিএনপি নির্বাচনী প্রচারণার সময় রামগড় বাসস্ট্যান্ড এলাকায় সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার ওপর আওয়ামী লীগ হামলা চালায়। এরপর আর রামগড়ে আসা হয়নি বিএনপির এ নেতার। ৬ বছর পর সোমবার বিএনপির সমাবেশে প্রধান অতিথি হয়ে তিনি রামগড় ফিরে আসেন।