পাবনার ঈশ্বরদীতে ১০৬ দিনে কোরআনের হাফেজ হয়েছে মো. হাসানাত রহমান হিমেল (১৪) নামের এক কিশোর। সে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাবিবুর রহমান হাবিবের ছেলে। মো. হাসানাত রহমান হিমেল উপজেলার জয়নগর দারুল কামিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের ছাত্র। বুধবার (১১ অক্টোবর) দুপুরে মাদরাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। মাদরাসা কমিটির সভাপতি মো. মজিবর রহমান মোল্লার সভাপতিত্বে ও মোহতামিম মাওলানা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা শরিফুল ইসলাম। ওই মাদরাসার মোহতামিম মাওলানা মো. মিজানুর রহমান বলেন, হাসানাত রহমান হিমেল অসম্ভব মেধাবী। এমন মেধা সবার হয় না। সে প্রতিদিন ৯-১০ ঘণ্টা পরিশ্রম করে পড়াশোনা করেছেন। হিমেলের বাবা হাবিবুর রহমান হাবিব বলেন, মহান আল্লাহর অশেষ মেহেরবাণী আমার ছেলে ১০৬ (৩ মাস ১৬) দিনে কোরআনের হাফেজ হয়েছেন। এ জন্য মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি সেই সাথে হিমেলের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। নিজের অনুভূতি জানিয়ে মো. হাসানাত রহমান হিমেল বলেন, মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি ১০৬ দিনে কোরআনের হাফেজ হয়েছি। এখন আলেম হয়ে ইসলাম ও দেশের খেদমতে কাজ করতে চাই। আমি সবার কাছে দোয়া কামনা করছি। মাদরাসা কমিটির সভাপতি মো. মজিবর রহমান মোল্লা বলেন, অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে এ মাদরাসায় সুনামের সঙ্গে শিক্ষাথীদের আন্তরিকতার সঙ্গে পাঠদান করানো হয়। মাদরাসার উন্নয়নের জন্য সবার কাছে সহযোগিতা কামনা করছি।
মঙ্গলবার , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদীতে ১০৬ দিনে কোরআনে হাফেজ হিমেল
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩