রবিবার , ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চুরি করা মোবাইলে প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিও, চোরের চাঁদা দাবি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

চুরি করা মোবাইলে কুয়েত প্রবাসীর স্ত্রীর গোপন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেছে মোবাইল চোর।

ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বেপারী পাড়া গ্রামে। এঘটনায় রাজবাড়ী ১নম্বর আমলি আদালতে মামলা দায়ের করেছেন কুয়েতপ্রবাসী ওবায়দুর রহমানের স্ত্রী খাদিজা বেগম (২৬)।

মামলার আসামি প্রবাসীর প্রতিবেশী মো. লালচাঁদ বেপারীর ছেলে মো. মাহবুব বেপারীসহ (২৫) অজ্ঞাতনামা ২/৩ জন।

মামলায় খাদিজা বেগমের অভিযোগ, তার স্বামীসহ তারা তিন ভাই প্রবাসে থাকেন। তিনি তার দুই জা এবং বৃদ্ধ শ্বশুর-শ্বাশুড়িকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে যাবার পর রাত সাড়ে ১০টার দিকে তার ঘরের জানালা দিয়ে তার নিজের স্যামসাং ও হুয়াওয়েই কোম্পানির দুটি স্মার্ট ফোন চুরি করে মাহবুব বেপারী। ফোন দুটি চুরি করে পালানোর সময় খাদিজা বেগম বাড়ির বাইরের লাইটের আলোতে স্পষ্টভাবে মাহবুব বেপারীকে দেখতে পান। চুরি হওয়া মোবাইল দুটিতে ওই নারী ও তার স্বামীর ব্যক্তিগত মূহূর্তের ছবি ও ভিডিও ছিল।

এ ঘটনায় থানায় অভিযোগ দিলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে ওই নারী ঘটনাটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে বিষয়টি নিয়ে কয়েকবার সালিশ হয়। সালিশে মাহবুব মোবাইল চুরির কথা স্বীকার করে মোবাইল ফেরত দেয়ার অঙ্গিকার করে, কিন্তু পরে সে মোবাইল ফেরৎ না দিয়ে নানা টালাবাহানা করতে থাকে। এ অবস্থায় চলতি বছরের ২৭ জানুয়ারি মাহবুব তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে খাদিজার নম্বরে একটি মেসেজ পাঠায়। মেসেজে লিখা ছিল, ‘আপনার একটা ভিডিও আমার কাছে আছে। আপনার বুকের উপর পাঁচটা তিল আছে।’ এ ছাড়াও মাহবুব খাদিজার ভিডিও ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেবে বলে হুমকি দেয়।

মোবাইলে মেসেজ পাঠানোর ঘটনায় খাদিজা ৩০ জানুয়ারি রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সাধারণ ডায়েরি করার পর গত ২৯ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে মাহবুব অজ্ঞাতপরিচয় ২/৩ জন লোক নিয়ে খাদিজার স্বামীর বাড়িতে এসে মোবাইলের মেসেজ পাঠানোর বিষয় নিয়ে খাদিজাকে বেশি বাড়াবাড়ি করতে নিষেধ করে। আর মোবাইলের ছবি ও ভিডিও ডিলিট করাতে চাইলে তাকে তিন লাখ টাকা দিতে হবে বলে খাদিজার কাছে চাঁদা দাবি করে। এরপর মাহবুব তার কোমর থেকে ধারালো চাকু বের করে খাদিজাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। সর্বশেষ গত ৩১ মার্চ বিকেল ৪টার দিকে মাহবুব প্রবাসীর স্ত্রীর কাছে টাকা দাবি করে।

এ ঘটনায় নিরুপায় হয়ে খাদিজা গত ৫ এপ্রিল রাজবাড়ীর বিজ্ঞ এক নম্বর আমলি আদালতে দন্ডবিধি ৩৮০/৩৮৫/ ৫০৬ (২) ধারায় মাহবুবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে রাজবাড়ী সদর থানার ওসিকে ঘটনাটি তদন্ত করে আগামী ২২ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।